
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তারাইল গ্রামের রিদয়ন আনসারী (২৫) নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়া হলেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে পরিবার। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রিদয়ন আনসারী মৃত আবুল আনসারীর ছেলে। গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুরের পাট এলাকায় থেকে ঢাকার মগবাজারে আসার পথে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে অপহরণকারীরা বিভিন্ন কৌশলে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হলেও রিদয়নকে ছেড়ে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় রিদয়নের খালাতো ভাই ফয়সাল মাহমুদ বাদী হয়ে র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্প এবং কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের সদস্যরা রিদয়ন আনসারীকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
Leave a Reply