
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া বিএনপির শোভাযাত্রা মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। শোভাযাত্রায় নেতৃত্ব দিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।
শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
এর আগে শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।
ঢাকা ছাড়াও শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরে শোভাযাত্রা করেছে বিএনপি। আগামীকাল রোববার (৮ নভেম্বর) থানা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply