
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় ১৩ বছর বয়সী কিশোরী লামিয়া নিখোঁজ হওয়ার ঘটনায় প্রতিবেশী এক তরুণীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর বাবা আকবরশাহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, লামিয়া (১৩) আকবরশাহ থানার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত। অভিযুক্ত মীম (১৮) আগে একই এলাকার পার্শ্ববর্তী একটি বাসায় ভাড়া থাকতেন।
পরবর্তীতে তিনি অন্যত্র বাসা পরিবর্তন করলেও লামিয়ার পরিবারের সঙ্গে তার যোগাযোগ ও পরিচিতি ছিল। অভিযোগ অনুযায়ী, গত ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে লামিয়া বাসায় একা থাকার সুযোগে মীম সেখানে যান এবং পরে কিশোরীকে সঙ্গে নিয়ে বের হয়ে যান। এ সময় আশপাশের কয়েকজন বাসিন্দা বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা রাতে বাসায় ফিরে লামিয়াকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে মীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই বাসায় যাওয়ার বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা।
অভিযোগে আরও বলা হয়, ১৭ নভেম্বর সকালে অভিযুক্ত মীম ফোন করে লামিয়াকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর কথা বলেন এবং শিশুটির ‘বস্তাবন্দী লাশ’ দেখার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় পরিবারকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
কিশোরীকে দ্রুত উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনো লামিয়ার কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এএসআই কবির বাহাদুর জানান, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply