1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশদেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর জারি করা এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়। ওই মহাসমাবেশে গ্রামীণ জনপদে দিন-রাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের নিরলস অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আনা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবেশের অনুকূল কার্যক্রমে ব্যয় করা হবে।

স্থানীয় সরকার বিভাগ চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর এ বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি