1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল নতুন দায়িত্বে শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, ঢাকায় ৬ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীরের চার দিনের রিমান্ড উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী: স্পিকার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রামের সেই এসপি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা।

সভায় মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে সেগুলো নির্মূলে আইনি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন সভাপতি জয়নুল আবেদীন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের প্রবাহ অনুসন্ধানের সুপারিশ করেন তিনি।

মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, ‘মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।’

সীমান্ত নিরাপত্তা জোরদারে উন্নত দেশগুলোর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন আরেক হুইপ রকিবুল ইসলাম। তিনি বলেন, ‘উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।’

এ ছাড়া মাদকদ্রব্যসংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয় সভায়।

দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের পথ চিহ্নিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। মাদক পাচার ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে নজরদারি, অভিযান এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি