
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছ বিতরণ করা হয় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায়।
রোববার (২৫ অক্টোবর) ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সংরক্ষণ অভিযান চলছে। এ সময়ে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদীতে নজরদারি ও অবৈধ জাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করা জরুরি। এ ধরণের মৎস্য আহরণবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।